
নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আব্দুল্লাহর ওপর হামলার চেষ্টা করা হয়েছে। তবে নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বর্ষীয়ান রাজনীতিক। অনুষ্ঠানস্থলে হঠাৎ এক ব্যক্তি খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় দায়িত্বে থাকা এক কমান্ডো দ্রুত হামলাকারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে ফারুক আব্দুল্লাহ অক্ষত থাকেন।
পরে ঘটনাস্থলেই নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে আটক করে। তার নাম কমল সিং জামওয়াল বলে জানা গেছে। তিনি জম্মুর পুরানা মান্ডি এলাকার বাসিন্দা।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ফারুক আব্দুল্লাহর খুব কাছাকাছি অবস্থান থেকে হামলার চেষ্টা করা হয়। ধরা পড়ার পর উপস্থিত কিছু লোক হামলাকারীকে মারধরও করে।
পুলিশ জানায়, ৬৫ বছর বয়সী ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি এ হামলার পরিকল্পনা করেছিলেন। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন বলেও পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় ফারুক আব্দুল্লাহ অক্ষত থাকলেও তার সঙ্গে থাকা জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী আহত হয়েছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
ঘটনার কারণ ও এর পেছনে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।