নিজস্ব প্রতিবেদক :

যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারকের আদালত বর্জনের ঘটনায় নতুন করে পদক্ষেপ নিয়েছে জেলা আইনজীবী সমিতি। এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও আইনসচিবের কাছে স্মারকলিপি দিয়েছে সমিতির নেতারা।
বুধবার দুপুরে আইনজীবী সমিতির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি জমা দেয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, বাসুদেব, যুগ্ম সম্পাদক নুরে আলম পান্নুসহ আরও কয়েকজন আইনজীবী।
সিনিয়র আইনজীবী আরএম মইনুল হক খান ময়না বলেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং যুগ্ম জেলা জজ রাশেদুল ইসলামের আদালত দীর্ঘদিন ধরে তারা বর্জন করে আসছেন। কিন্তু এখনো বিচার বিভাগের পক্ষ থেকে কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। এতে আদালতের বিচারকার্য ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট দুই বিচারককে অন্যত্র বদলি করে নতুন বিচারক নিয়োগ দেওয়া হলে আইনজীবীরা পুনরায় আদালতে ফিরে যাবেন।
এদিকে আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, তিনি, সাধারণ সম্পাদক এম এ গফুর এবং সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি সমাধানের জন্য তারা আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করছেন।
তিনি আশা প্রকাশ করেন, আগামী রোববারের মধ্যেই এই সমস্যার একটি সমাধান হতে পারে।
উল্লেখ্য, গত ১ মার্চ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। পরে আদালত মুলতবি ঘোষণা করা হয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও আইনজীবীরা অভিযোগ করেন, এরপর বিচারকের আচরণ আরও কঠোর হয়ে ওঠে। এ ঘটনার জেরে জরুরি সভা ডেকে দুই বিচারকের অধীন তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts