
নিউজ প্রবাসী ডেক্স :
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা হত্যা মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সোমবার রাতে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি করা হয়েছে ফিলিপনগর গ্রামের বাসিন্দা রাজীব দফাদারকে। ঘটনার পর প্রথমে পরিবার মামলা না করার সিদ্ধান্ত নিলেও পরে পুলিশি উদ্যোগে মামলা করা হয় বলে বাদীর দাবি।
গত শনিবার ধর্ম অবমাননার অভিযোগ তুলে শামীম রেজার আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।