
নিউজ প্রবাসী ডেক্স :
রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ অতীত অভিজ্ঞতা থেকে জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও যেন তারা রাজনৈতিকভাবে শক্তি সঞ্চয় করতে না পারে, সে লক্ষ্যেই কাজ করতে হবে।
তিনি অভিযোগ করেন, জামায়াতের বক্তব্য ও কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে তিনি জামায়াত আমির শফিকুর রহমান-এর সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেন এবং তা ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেন।
ফখরুল আরও দাবি করেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন ছিল দেশের ইতিহাসে অন্যতম অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন কোনো শক্তি আবার স্বৈরাচারী শাসনের পথ তৈরি করতে না পারে।
এ সময় দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা দলের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।