
নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের কয়েকটি কেন্দ্রের ঘোষিত ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিজ এলাকা গোপালনগর কেন্দ্রে তিনি একক আধিপত্য বিস্তার করে ৩ হাজার ৮৪ ভোট অর্জন করেন। ওই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন কোনো ভোটই পাননি।
এছাড়া দেবীদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কেন্দ্রে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১ হাজার ৩৮৩ ভোট, যেখানে জসিম উদ্দিনের প্রাপ্ত ভোট ৪৮০। নবীপুর কেন্দ্রে হাসনাত পেয়েছেন ১ হাজার ১৪৪ ভোট এবং ট্রাক প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭২ ভোট। মহেশপুর কেন্দ্রে হাসনাতের ঝুলিতে গেছে ২ হাজার ২৮০ ভোট, বিপরীতে জসিম উদ্দিন পেয়েছেন ২৬৬ ভোট।
চারটি কেন্দ্র মিলিয়ে হাসনাত আবদুল্লাহর মোট ভোট দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯২। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন পেয়েছেন মোট ৮১৮ ভোট।
এদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই নির্বাচন নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
লাইভে জসিম উদ্দিন অভিযোগ করেন, একাধিক কেন্দ্রে তার এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ভোটারদের ভোট দিতে নিরুৎসাহিত করা ও নির্দিষ্ট প্রতীকে জোরপূর্বক সিল দেওয়ার অভিযোগও ওঠে। এসব অনিয়মের কারণে নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন চারবারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। তবে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়। পরবর্তীতে উচ্চ আদালতে একাধিক আবেদন করলেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি তিনি। এর পর বিএনপি আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানায়।