নড়াইল প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। কনকনে শীত উপেক্ষা করেই ভোর থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা যায়।
নড়াইল-১ ও নড়াইল-২ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। নারী ভোটারদের পাশাপাশি তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে নড়াইলজুড়ে র‍্যাব-৬, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৯২৬ জন এবং নারী ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৭৭১ জন। দুইটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা একইসঙ্গে ‘জুলাই চার্টার’ সংস্কার সংক্রান্ত গণভোটে নিজেদের মতামত প্রদান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts