নিউজ প্রবাসী ডেক্স :

দেশের বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি সংকট মোকাবিলায় হাই কোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, আদালতের কার্যক্রম আংশিকভাবে আবারও অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হবে।
রোববার সুপ্রিম কোর্টের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিচার কার্যক্রমে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ভার্চুয়াল কোর্ট পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে বেঞ্চ অফিসারদের জরুরি ভিত্তিতে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নির্ধারিত সময়ের মধ্যে আইটি শাখা থেকে এসব তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তথ্য-প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিদ্যমান আইন ও নির্দেশিকা অনুসরণ করে এই ভার্চুয়াল কার্যক্রম পরিচালিত হবে। এতে অডিও-ভিডিও বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচারপ্রার্থী, আইনজীবী ও সাক্ষীদের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির সময় ভার্চুয়াল কোর্ট চালু করা হয়েছিল, যা পরবর্তীতে আইনগত স্বীকৃতি পায়। বর্তমানে নতুন বাস্তবতায় আবারও সেই ব্যবস্থার আংশিক প্রয়োগ শুরু হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts