
নিউজ প্রবাসী ডেক্স :
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ নামে নতুন প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১০ জেলার ১০ উপজেলায় এ কার্যক্রম শুরু হবে।
বুধবার সচিবালয়ে প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিশ্চিতকরণ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়।
সভায় প্রধানমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে হবে। তাদের শিক্ষা, চিকিৎসা, চলাচল ও পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি ভবন, হাসপাতাল ও রেস্তোরাঁসহ সব স্থাপনায় প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো গড়ে তুলতে হবে। হুইলচেয়ার ব্যবহারকারীদের সুবিধার্থে ভবনের দরজা ও টয়লেট ব্যবস্থাও উপযোগী করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তির ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দেশের প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম মনিটরিংয়ের কথাও বলা হয়েছে।
এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সরকারি কর্মকর্তাসহ প্রতিবন্ধী কল্যাণ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।