নিজস্ব প্রতিবেদক :

যশোর শহরে এক বিশাল জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেছেন, জুলাই সনদসহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে—কারা প্রকৃতপক্ষে জনগণের কল্যাণে কাজ করছে আর কারা বিভ্রান্তি তৈরি করছে। অতীতে বিভিন্ন সময়ে যেমন বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, এখনো একই ধারা অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী দাবি করেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে স্বৈরাচার পতনের পর এখন দেশের মূল লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়ন। এ সময় তিনি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কর্মসংস্থানমুখী নানা পদক্ষেপ বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফসহ সহায়তা কার্যক্রমও চালু হয়েছে, যার সুফল পাচ্ছেন লাখো কৃষক।
নারীদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের শিক্ষিত ও স্বাবলম্বী না করলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই ডিগ্রি পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা ও মেধাবীদের জন্য বৃত্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, জনগণ পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে। এই সময়ের মধ্যে সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদ কার্যকর করবে।
দিনব্যাপী সফরে তিনি যশোরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন, যার মধ্যে ছিল খাল পুনর্খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts