
নিউজ প্রবাসী ডেক্স :
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।
মারা যাওয়া শিশুদের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ছয় মাস বয়সী ইশিতা কাহের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার নয় মাস বয়সী সুস্মিতা এবং সিলেট নগরীর নয় মাস বয়সী লাবিবা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন এবং ওসমানী হাসপাতালে ৭৭ জন ভর্তি আছেন।
তবে আশার খবর হচ্ছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৪৯ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ৩৬ জন এবং নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে।