নিউজ প্রবাসী ডেক্স :

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের একটি সুপারট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে বলে শিপিং ডেটা বিশ্লেষণে জানা গেছে।
বিশ্লেষক ও জাহাজ চলাচল সংস্থার তথ্য অনুযায়ী, ‘আরএইচএন’ নামের প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনক্ষম এই বিশাল ট্যাঙ্কারটি হরমুজ প্রণালি অতিক্রম করে বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করে। তবে জাহাজটির চূড়ান্ত গন্তব্য এখনও নিশ্চিত নয়।
এর আগে একই ধরনের আরও একটি ইরান-সম্পর্কিত ট্যাঙ্কার হরমুজ প্রণালি পার হয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়, যা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে, অবরোধ শুরুর পর থেকে তারা একাধিক জাহাজকে ফেরত পাঠিয়েছে এবং কোনো জাহাজই সফলভাবে অবরোধ ভাঙতে পারেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তারা অন্তত ১০টি জাহাজকে বাধা দিয়েছে।
তবে ইরানি সংবাদমাধ্যম ভিন্ন দাবি করছে। তাদের ভাষ্য অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত কিছু জাহাজ অবরোধ অতিক্রম করে ইরানি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
জাহাজ চলাচল সংস্থা এলএসইজি ও কেপলারের তথ্যেও দেখা গেছে, সংশ্লিষ্ট ট্যাঙ্কারগুলোর গতিপথ এখনও স্পষ্ট নয় এবং তাদের অবস্থান ঘিরে ধোঁয়াশা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাকে আরও বাড়াতে পারে এবং পারস্য উপসাগরের জাহাজ চলাচল নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
ইরানের তেল রপ্তানি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পরিস্থিতির মধ্যেই এই ধরনের ট্যাঙ্কার চলাচল বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts