
নিউজ প্রবাসী ডেক্স :
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ওই সময় জরুরি অবস্থা জারির জন্য বিভিন্ন মহল থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল, তবে সশস্ত্র বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে তা কার্যকর হয়নি।
দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী চাইলে জরুরি অবস্থা বা সামরিক আইন জারি করতে পারত, কিন্তু তারা তা করেনি। বরং সংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচনের পথ সুগম করার পক্ষে অবস্থান নেয়।
রাষ্ট্রপতি আরও জানান, গণঅভ্যুত্থানের পর সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে দেশি-বিদেশি কিছু সুযোগসন্ধানী পক্ষ অসাংবিধানিক পথে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিল। তবে তার দৃঢ় মনোভাব ও সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সেই চাপ মোকাবিলা করা সম্ভব হয়েছে।
রাষ্ট্রপতির ভাষায়, “যদি নির্বাচিত সরকার মনে করে আমি না থাকাই ভালো, তাহলে আমি সম্মানজনকভাবে সরে যেতে প্রস্তুত।”