Uncategorized
0 min read
20

September 8, 2026
0

প্রযুক্তি ডেস্ক
অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের আগেই ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীনের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ও শাওমি। একই দিনে নতুন প্রিমিয়াম ফোল্ডেবল ফোন উন্মোচন করেছে তারা। এর মধ্য দিয়ে অ্যাপলের সম্ভাব্য ফোল্ডেবল আইফোনকে ঘিরে প্রতিযোগিতা আরও জমে উঠেছে।
হুয়াওয়ে এনেছে ‘মেট এক্সটি২’ সিরিজ। ফোনটি দুইবার ভাঁজ খুলে ট্যাবলেটের মতো বড় পর্দায় রূপ নেয়। এতে রয়েছে কিরিন ৯০৫০ প্রো প্রসেসর, নতুন হিঞ্জ প্রযুক্তি, উন্নত পানি প্রতিরোধ ব্যবস্থা এবং এমন একটি প্রাইভেসি ডিসপ্লে, যা পাশ থেকে অন্য ব্যক্তির জন্য স্ক্রিনের তথ্য দেখা কঠিন করে।
চীনে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ ইউয়ান থেকে ২৪ হাজার ৯৯৯ ইউয়ান পর্যন্ত। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এর বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। হুয়াওয়ের দাবি, নতুন চিপ প্রযুক্তি কম বিদ্যুৎ খরচে বেশি কম্পিউটিং সক্ষমতা দিতে পারবে।
অন্যদিকে, শাওমি উন্মোচন করেছে ‘শাওমি ১৮ ফোল্ড’। বন্ধ অবস্থায় ফোনটি তুলনামূলক ছোট ও পাসপোর্টের মতো আকৃতির থাকে। খুললে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা পাওয়া যায়। এতে রয়েছে শাওমির নিজস্ব এক্সরিং ও৩ প্রসেসর।
শাওমি ১৮ ফোল্ডের দাম শুরু হয়েছে ১০ হাজার ৯৯৯ ইউয়ান থেকে, যা সর্বোচ্চ সংস্করণে ১৪ হাজার ৯৯৯ ইউয়ান পর্যন্ত উঠেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লেই জুন ফোনটির প্রসেসিং সক্ষমতা ও ওজনের সঙ্গে অ্যাপলের পণ্যের তুলনাও করেছেন।
এদিকে, বুধবার অ্যাপলের নতুন আইফোন সিরিজ উন্মোচনের কথা রয়েছে। এবার প্রতিষ্ঠানটি ফোল্ডেবল আইফোন বাজারে আনতে পারে—এমন জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে। ফলে অ্যাপলের প্রবেশের আগেই হুয়াওয়ে ও শাওমির নতুন ফোন উন্মোচনকে প্রযুক্তি বাজারে কৌশলগত প্রতিযোগিতা হিসেবেই দেখা হচ্ছে।
বর্তমানে ফোল্ডেবল ফোনের বৈশ্বিক বাজারে স্যামসাং শক্ত অবস্থানে থাকলেও চীনের বাজারে হুয়াওয়ে দ্রুত এগিয়েছে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের ফোল্ডেবল বাজারে হুয়াওয়ের দখল ছিল প্রায় ৬৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts