নিউজ প্রবাসী ডেক্স:
রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের সময় বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সংখ্যায় এগিয়ে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগ থেকে ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৬, ওয়ারী বিভাগে ৫০, উত্তরা বিভাগে ৪২, লালবাগ ও মতিঝিল বিভাগে ৩৫ জন করে এবং রমনা বিভাগে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। গুলশান বিভাগ থেকে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭ হাজার ২১৬ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন এবং নগদ ১৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় দুই ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।