নিউজ প্রবাসী ডেক্স:

ঢাকা-চট্টগ্রাম রুট পেরিয়ে এবার কক্সবাজার পর্যন্ত যাত্রী পরিবহন করবে আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রুটে ট্রেনটির চলাচল শুরু হবে। এ লক্ষ্যে নতুন সময়সূচি নির্ধারণের পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক শুক্রবার (২৩ অক্টোবর) নতুন রুটে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রা শুরু হবে। রেলমন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে এ যাত্রার উদ্বোধন করবেন। ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে।

মাঝপথের যাত্রীরাও পাবেন কক্সবাজার যাওয়ার সুযোগ

মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের ফলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। এসব স্টেশনের মধ্যে রয়েছে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী।

এতদিন ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীনভাবে চলাচল করায় মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা সরাসরি এসব ট্রেনে ওঠার সুযোগ পেতেন না। মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালু হলে তাঁদের যাতায়াত আরও সহজ হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, নতুন এই রেলসেবা চালু হলে কক্সবাজার ভ্রমণে পর্যটকদের যাতায়াত সুবিধা বাড়বে। পাশাপাশি রেলওয়ের আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

থাকছে ৭০০-এর বেশি আসন

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। ট্রেনটিতে আসনসংখ্যা নির্ধারণ করা হয়েছে ৭০৬ থেকে ৭৩৬টির মধ্যে। প্রতি সপ্তাহের রোববার ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকবে।

নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটির। ফিরতি যাত্রায় কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন রুটে ট্রেন পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ১৬ অক্টোবর থেকেই এ রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে।

মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের ফলে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতে নতুন একটি বিকল্প তৈরি হচ্ছে। বিশেষ করে মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের জন্য এই সেবা ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts