নিউজ প্রবাসী ডেক্স:

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে একটি আবাসিক হোটেলের পার্কিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ‘দ্য সী প্রিসেন্স’ হোটেলের নিচতলার পার্কিংয়ে আগুন লাগে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থান করা প্রায় ৩০০ পর্যটক নিরাপদে রয়েছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে নিকটবর্তী স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পার্কিং এলাকার জেনারেটরসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হোটেলে থাকা পর্যটকেরাও নিরাপদে রয়েছেন।

এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকের ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। পরপর পর্যটনকেন্দ্রের আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় এসব স্থাপনার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts