নিউজ প্রবাসী ডেক্স:
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালত। ছুটি শেষে কর্মস্থলে ফিরবেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে রাজধানীসহ সারা দেশে কর্মব্যস্ততা বাড়বে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর মঙ্গলবার নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ছিল।
এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি অফিসগুলোও টানা পাঁচ দিন বন্ধ থাকে।
শনিবার ছিল ছুটির শেষ দিন। আজ থেকে নিয়মিত কর্মসূচি অনুযায়ী অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম শুরু হচ্ছে। ফলে বিভিন্ন সরকারি সেবা, আর্থিক লেনদেন ও আদালতের স্বাভাবিক কার্যক্রমও পুনরায় চালু হবে।
দীর্ঘ ছুটির পর কর্মস্থলে ফেরা এবং দৈনন্দিন কাজকর্ম শুরু হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।