আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে আবারও সামরিক হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, রোববারই ইরানে হামলা হতে পারে। তবে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

শনিবার ফ্লোরিডায় মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন। ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা না জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে সামরিক পদক্ষেপ নিতে পারে, আবার ইরানের সঙ্গে সমঝোতাও হতে পারে।

ট্রাম্পের ভাষ্য, ইরানের সঙ্গে একটি বড় চুক্তি করার সুযোগ রয়েছে। তবে তেহরান কোনো চুক্তিতে সম্মত হলেও সেটি বাস্তবায়ন করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তাঁর মতে, সমঝোতায় পৌঁছানোর পাশাপাশি সেই চুক্তির শর্ত মেনে চলাও গুরুত্বপূর্ণ।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ এখনও রয়েছে। তবে সমঝোতা না হলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

এর আগে শুক্রবার এক সমাবেশে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত পরিসরে আবারও ‘এপিক ফিউরি’ অভিযান চালানোর সম্ভাবনার কথা বলেছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক অভিযানের নাম ছিল ‘এপিক ফিউরি’।

এর আগে ট্রাম্প বলেছিলেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত ইরানে হামলা চালানো হবে না। তবে শুক্রবার এক মার্কিন দূত জানান, চলতি সপ্তাহেই ইরানে হামলা হতে পারে। ফলে নতুন করে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts