নিউজ প্রবাসী ডেস্ক :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া এলাকার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া হচ্ছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। নির্বাচনি এলাকার ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছেন প্রায় সাড়ে পাঁচ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। পাশাপাশি অনিয়ম প্রতিরোধ ও ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত এ উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট পাঁচটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ ও সংশয় থাকলেও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম। নির্বাচনের সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়মের চেষ্টা মোকাবিলায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।