নিউজ প্রবাসী ডেক্স:

যুদ্ধবিধ্বস্ত গাজার অসহায় শিশুদের চিকিৎসা ও সহায়তায় এক লাখ পাউন্ডের বেশি অনুদান সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।

নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অনুদান সংগ্রহের তথ্য জানান হামজা। এ উদ্যোগে অংশ নেওয়া দাতা, সমর্থক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

হামজা জানান, সংগৃহীত অর্থ গাজার যেসব শিশুর জরুরি চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন, তাদের সহায়তায় ব্যয় করা হবে। এ অর্থ ব্যবহারে কাজ করবে ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের একটি সংস্থা, যারা গাজার শিশুদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ করছে।

অনুদান সংগ্রহের উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য নুজুম স্পোর্টসকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন হামজা। সংস্থাটি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে মুসলিম ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য ও ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা করে। ব্রিটিশ ফুটবলে মুসলিম খেলোয়াড়দের অধিকার রক্ষায় ‘মুসলিম অ্যাথলেট চার্টার’ উদ্যোগের সঙ্গেও প্রতিষ্ঠানটি যুক্ত।

হামজা বলেন, অল্প সময়ের মধ্যে এই পরিমাণ অর্থ সংগ্রহ করতে পেরে তিনি কৃতজ্ঞ। তবে গাজার শিশুদের সীমাহীন দুর্ভোগের তুলনায় এ সহায়তাকে সামান্য অবদান বলে মনে করেন তিনি। তাঁর মতে, সামনে আরও অনেক কিছু করার বাকি থাকলেও ছোট উদ্যোগও পরিবর্তন আনতে পারে।

পোস্টের শেষে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেন এই ফুটবলার। সৃষ্টিকর্তার কাছে তিনি গাজার মানুষের কষ্ট লাঘব, শক্তি ও ধৈর্য এবং ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রার্থনা জানান।

ফুটবল মাঠে পারফরম্যান্সের পাশাপাশি মানবিক উদ্যোগের মাধ্যমেও গাজার বিপর্যস্ত শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন হামজা। তাঁর এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন দাতা ও সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts