নিউজ প্রবাসী ডেক্স:
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং দেশটির বিমানবন্দরগুলোতে হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ১৫৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ২২ হাজার ৭২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, গত ১০ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।
বিভাগটির এএসএম স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৮২টি ছিল সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফ্লাইট বাতিলের ঘটনায় সৌদি আরবগামী বিপুলসংখ্যক যাত্রী যাত্রা নিয়ে অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।