বর্তা কক্ষ :

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে সাময়িকভাবে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই সময়ে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিজনেস ভিসাধারীরাও সীমান্ত পারাপার করতে পারবেন না।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সরকারের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেই নির্দেশনা অনুসারেই নির্বাচনকালীন সময়ে বেনাপোল দিয়ে যাত্রী চলাচল বন্ধ রাখা হচ্ছে। তিনি আরও বলেন, অতীতে বিশেষ পরিস্থিতিতে গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে সীমিত সুযোগ থাকলেও এবার তা থাকছে না।
তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার পর থেকে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক হবে বলে জানান তিনি।
এ বিষয়ে বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানান, জাতীয় নির্বাচনের কারণে যাত্রী পারাপার বন্ধ সংক্রান্ত একটি লিখিত নির্দেশনা তার দপ্তরে এসেছে। একই সঙ্গে পণ্যবাহী ট্রাক চলাচলেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
হঠাৎ এই সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অনেক যাত্রী বেনাপোল চেকপোস্টে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া রোগী ও স্বজনরা পড়েছেন অনিশ্চয়তায়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, স্বাধীনতার পর এই প্রথম দীর্ঘ সময়ের জন্য বেনাপোল চেকপোস্টে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ ঘোষণা করা হলো। এর ফলে হোটেল, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসাসহ স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts