
নিউজ প্রবাসী ডেক্স :
সিলেট এর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাহ আরেফিন টিলা দীর্ঘদিনের অবৈধ পাথর উত্তোলনে প্রায় ধ্বংস হয়ে গেছে। একসময় সবুজে ঘেরা এই টিলা এখন অসংখ্য গভীর গর্তে ভরা, যা দূর থেকে ‘সাগর’-এর মতো দেখায়।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব, অসাধু প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের যোগসাজশে দীর্ঘদিন ধরে ‘বোমা মেশিন’ ব্যবহার করে পাথর লুটপাট চালানো হয়েছে। এতে টিলার প্রায় ৯০ শতাংশই বিলীন হয়ে গেছে এবং আশপাশের বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
পরিবেশবিদদের মতে, এটি শুধু একটি পাহাড় ধ্বংস নয়; বরং একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্মৃতিচিহ্নেরও অপূরণীয় ক্ষতি। বহু বছর আগে হযরত শাহ আরেফিন (রহ.)-এর স্মৃতিবিজড়িত এই স্থানটি এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
প্রশাসন অভিযান চালালেও অবৈধ উত্তোলন পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকর নজরদারি ছাড়া এই ধ্বংসযজ্ঞ থামানো সম্ভব নয়।