নিউজ প্রবাসী ডেস্ক:

বিজ্ঞাপন নির্মাণে দুই দশকেরও বেশি সময় পার করা কিসলু গোলাম হায়দার এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নামছেন। তাঁর প্রথম সিনেমার নাম ‘মস্তান’। আন্ডারওয়ার্ল্ড ও গ্যাংস্টারদের জীবনকাহিনি ঘিরে নির্মিতব্য এ সিনেমায় অভিনয় করবেন আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, তমা মির্জা ও সামিরা খান মাহি।

নির্মাতা কিসলু গোলাম হায়দার জানিয়েছেন, আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মস্তান’।

সিনেমার গল্প ও অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কে বিস্তারিত জানাতে এখনই আগ্রহী নন নির্মাতা। তবে তাঁর ভাষ্য, প্রথম চলচ্চিত্রের জন্য তিনি আন্ডারওয়ার্ল্ডের গল্প বেছে নিয়েছেন। গ্যাংস্টারদের নানা ঘটনা ও জীবনযাপনকে কেন্দ্র করেই এগোবে সিনেমার কাহিনি।

দুই দশকের বেশি সময় ধরে বিজ্ঞাপন নির্মাণের পাশাপাশি নাটক ও টেলিফিল্ম পরিচালনা করেছেন কিসলু। এবার বড় পর্দার চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি।

‘মস্তান’ হতে যাচ্ছে আরিফিন শুভর নতুন সিনেমা। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মালিক’-এর পর তাঁকে নতুন এ চলচ্চিত্রে দেখা যাবে। অন্যদিকে তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘মন যে বোঝে না’ সিনেমায়। ২০২৫ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ছবিটিতে তাঁর বিপরীতে ছিলেন আরিফিন শুভ। তবে সিনেমাটির শুটিং হয়েছিল প্রায় ১৫ বছর আগে।

সম্প্রতি ভিকি জাহেদের ‘খলনায়ক’ সিনেমার শুটিং শেষ করেছেন তমা মির্জা। এতে তাঁর সহশিল্পী আফরান নিশো। এর আগে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।

চঞ্চল চৌধুরীও ‘খলনায়ক’ সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তিনি শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এর মধ্যেই যুক্ত হলেন কিসলু গোলাম হায়দারের ‘মস্তান’ প্রকল্পে।

এদিকে ‘মস্তান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নাটকের পরিচিত মুখ সামিরা খান মাহির। বর্তমানে তিনি পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন। সেখানে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts