নিউজ প্রবাসী ডেক্স :
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ববিতা যশোরের পৈতৃক ভিটায় একটি নান্দনিক মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। মানুষের কল্যাণে স্থায়ী অবদান রেখে যাওয়ার প্রত্যাশা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাকে সঙ্গে নিয়ে যশোরের বিজয়নগরে অবস্থিত তাদের পৈতৃক বাড়ি পরিদর্শনে যান ববিতা। এ সময় মসজিদ নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করেন তিনি। জমি চূড়ান্ত করতে পেরে নিজের মানসিক প্রশান্তির কথাও গণমাধ্যমকে জানিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী।
ববিতা বলেন, তিনি একটি দৃষ্টিনন্দন ও আধুনিক মসজিদ নির্মাণ করতে চান। শিগগিরই মসজিদের নকশা প্রণয়নের কাজ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে। এ মহৎ উদ্যোগ সফল করতে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
তিনি আরও বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী। তাই পৃথিবী থেকে বিদায়ের আগে এমন একটি কাজ করে যেতে চান, যা দীর্ঘদিন মানুষের উপকারে আসবে এবং পরকালেও তার জন্য কল্যাণ বয়ে আনবে।
উল্লেখ্য, ১৯৬৮ সালে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ববিতা। পরবর্তীতে তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এবং অভিনয়ের স্বীকৃতিস্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।