নিউজ প্রবাসী ডেস্ক

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে মেটা। এখন থেকে স্টোরি প্রকাশের পর সেটি মুছে নতুন করে পোস্ট না করেই সম্পাদনা করা যাবে। পোস্ট করার পর ১৫ মিনিটের মধ্যে বানান সংশোধন, গান পরিবর্তন কিংবা ক্যাপশন বদলে নেওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের স্টোরিজ ফিচার চালুর এক দশকেরও বেশি সময় পর এ সুবিধা যুক্ত করল প্ল্যাটফর্মটি। ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা এমন একটি সুবিধার দাবি জানিয়ে আসছিলেন।

নতুন ফিচারের আওতায় স্টোরি প্রকাশের পর নির্ধারিত ১৫ মিনিটের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে। এতে আগের পোস্টের ভিউ, লাইক ও রিপ্লাই অক্ষুণ্ণ থাকবে। ফলে কোনো ভুল সংশোধনের জন্য স্টোরি মুছে আবার আপলোড করার প্রয়োজন হবে না।

বিশেষ করে ধারাবাহিকভাবে একাধিক স্টোরি প্রকাশের ক্ষেত্রে নতুন সুবিধাটি কার্যকর হবে। কারণ, কোনো একটি স্টোরি মুছে পুনরায় পোস্ট করলে সেটি আগের অবস্থানে নাও থাকতে পারে। এতে স্টোরির ধারাবাহিকতা নষ্ট হওয়ার পাশাপাশি পেশাদার কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপকদের রিচ এবং এনগেজমেন্টের হিসাবেও প্রভাব পড়তে পারে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, নতুন সুবিধাটি পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। ব্যবহারকারীরা স্টোরির ‘মোর’ মেনুতে গিয়ে ‘এডিট স্টোরি’ অপশন নির্বাচন করে প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন। তবে সম্পাদিত স্টোরিতে অন্য ব্যবহারকারীদের জন্য ‘এডিটেড’ লেবেল দেখা যাবে।

এদিকে স্টোরি তৈরির প্রক্রিয়াতেও পরিবর্তন আনছে ইনস্টাগ্রাম। ব্যাকগ্রাউন্ডের রঙের বিকল্পগুলো হালনাগাদ করে গ্রেডিয়েন্টসহ নতুন ভিজ্যুয়াল ইফেক্ট যুক্ত করা হচ্ছে। পাশাপাশি একসঙ্গে একাধিক ছবি প্রকাশ ও সেগুলো সাজানোর ব্যবস্থাও সহজ করছে প্ল্যাটফর্মটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts