প্রযুক্তিতে ডেক্স ॥
দেশের টেলিযোগাযোগ খাতে নতুন যুগের সূচনা করতে স্টারলিংকের সঙ্গে স্যাটেলাইট-টু-মোবাইল (ডিরেক্ট-টু-সেল) সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলালিংক। এই সেবার মাধ্যমে মোবাইল টাওয়ারের বাইরে থাকা দুর্গম এলাকাতেও সাধারণ স্মার্টফোনে সংযোগ পাওয়ার সুযোগ তৈরি হবে।
ভিওন লিমিটেডের অধীনস্থ মোবাইল অপারেটর বাংলালিংক সম্প্রতি স্টারলিংকের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি করেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২০২৬ সালে স্যাটেলাইটের মাধ্যমে টেক্সট মেসেজিং সেবা চালু হবে। পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ডেটা বা ইন্টারনেট সেবা চালু করা হবে।
নতুন এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের আলাদা কোনো ডিভাইস বা বিশেষ ফোনের প্রয়োজন হবে না। বিদ্যমান ৪জি এলটিই সমর্থিত স্মার্টফোনেই সেবা গ্রহণ করা যাবে। মোবাইল নেটওয়ার্ক না থাকলে ফোন স্বয়ংক্রিয়ভাবে স্টারলিংকের স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হবে এবং টাওয়ারের আওতায় এলে আবার প্রচলিত নেটওয়ার্কে ফিরে আসবে।
সংশ্লিষ্টরা বলছেন, চরাঞ্চল, পাহাড়ি এলাকা ও উপকূলীয় অঞ্চলের মতো দুর্গম স্থানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ঘূর্ণিঝড়, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মোবাইল টাওয়ার অচল হয়ে পড়লেও জরুরি যোগাযোগ সচল রাখতে এটি কার্যকর হবে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোহান বুসে বলেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও যোগাযোগ সুবিধার আওতায় আনা হবে।
বিশেষজ্ঞদের মতে, স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তি চালু হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। ডিজিটাল বৈষম্য কমিয়ে দেশের সার্বিক সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।