নিউজ প্রবাসী ডেস্ক:

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই বছরের ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ সম্ভাব্য তারিখের কথা জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাব থেকে রমজান শুরুর এ সম্ভাব্য তারিখ পাওয়া গেছে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।

হিজরি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হওয়ায় প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে রমজান শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে ওই রাতেই তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং পরদিন থেকে রোজা পালন করবেন মুসল্লিরা। তবে চাঁদ দেখা না গেলে রোজা শুরুর তারিখ পরিবর্তিত হতে পারে।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ। বর্তমান হিসাব অনুযায়ী, ১০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র মাস। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের মাধ্যমে ইবাদতে বিশেষ গুরুত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *