নিউজ প্রবাসী ডেস্ক:
ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার (২০ নভেম্বর) লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহসহ দেশটির কয়েকটি এলাকায় এসব হামলা চালানো হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে অভিযানটিকে বিশেষ সামরিক কার্যক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে। জোটের দাবি, হুদাইদাহ বন্দরে অস্ত্র ও সামরিক সরঞ্জাম চোরাচালান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া ইয়েমেনের রাজধানী সানা, সা’দা ও তাইজ প্রদেশেও বিমান হামলা চালানো হয়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং সামরিক সরবরাহের একটি ডিপোসহ একাধিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।
অন্যদিকে, হুদাইদাহ বন্দরে হামলার পর সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় বন্দরগুলোতে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে হুথি গোষ্ঠী। জেদ্দাসহ গুরুত্বপূর্ণ বন্দরগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে তারা। একই সঙ্গে সৌদি আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ দাবি করে বিমান সংস্থাগুলোকেও সতর্ক করা হয়েছে।
হুথিদের পক্ষ থেকে সৌদি রাজধানী রিয়াদের আর্থিক এলাকা এবং আল-শুকাইক অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকিও দেওয়া হয়েছিল।
এদিকে, জোটের মুখপাত্র জানিয়েছেন, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, সৌদি জোটের বিমান হামলার পর ইয়েমেনের মোখা শহরের ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎকেন্দ্রের ছবি প্রকাশ করেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।