নিউজ প্রবাসী ডেস্ক :
বিনোদনের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ) এবার সড়ক দুর্ঘটনা কমানোর গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। গেমটির বাস্তবসম্মত পরিবেশ, যানবাহনের চলাচল ও বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে সড়ক নিরাপত্তা বাড়ানোর উপায় খুঁজছেন গবেষকেরা।
সাধারণত গেমটিতে দ্রুতগতির গাড়ি চালানো, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের মতো ঘটনা খেলোয়াড়দের বিনোদনের অংশ। তবে গবেষকেরা এই বিশৃঙ্খল পরিবেশকেই বাস্তব সড়কের ঝুঁকি বিশ্লেষণের পরীক্ষাক্ষেত্র হিসেবে ব্যবহার করছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে স্বচালিত গাড়িকে বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়ার কাজেও জিটিএ ব্যবহার করা হচ্ছে। বাস্তব সড়কে ঝুঁকি তৈরি না করেই বিভিন্ন পরিস্থিতি পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন গবেষকেরা।
জার্মানির ওসনাব্রুক ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের গবেষকেরা সাইকেল আরোহীদের সতর্ক করতে বিশেষ প্রযুক্তি পরীক্ষা করেছেন। তাঁদের তৈরি একটি যন্ত্র সাইকেলের হ্যান্ডেলে সংযুক্ত করা হয়। পেছন থেকে কোনো যানবাহন এগিয়ে এলে যন্ত্রটি কম্পনের মাধ্যমে আরোহীকে সতর্ক করে। পাশাপাশি কম্পনযুক্ত বিশেষ ভেস্টও তৈরি করা হয়েছে।
বাস্তবে বিপজ্জনক পরিস্থিতি তৈরি না করে এসব প্রযুক্তির কার্যকারিতা যাচাই করতে গবেষকেরা জিটিএ ফাইভের সহায়তা নেন। গেমের পরিবেশ পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট সড়ক, যানবাহন ও দুর্ঘটনার পরিস্থিতি তৈরি করা হয়। পরীক্ষায় দেখা গেছে, দুটি ডিভাইসই সাইকেল আরোহীদের আগাম সতর্ক করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এখনো এগুলো বাণিজ্যিকভাবে বাজারে আসেনি।
অন্যদিকে, মানুষের সড়ক ব্যবহারের আচরণ বিশ্লেষণেও গেমটি কাজে লাগানো হচ্ছে। নেদারল্যান্ডসের আইন্ডহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকেরা জিটিএ ফাইভের সঙ্গে চোখের গতিবিধি শনাক্ত করার প্রযুক্তি যুক্ত করেছেন। এর মাধ্যমে সাইকেল চালানোর সময় বিপদের মুহূর্তে মানুষ কোন দিকে তাকায় এবং কীভাবে প্রতিক্রিয়া দেখায়, তা পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।
বিশেষ করে পার্কিং থেকে গাড়ি বের হওয়া, গাড়ির দরজা হঠাৎ খুলে যাওয়া কিংবা ব্যস্ত মোড়ে চলাচলের সময় সাইকেল আরোহীদের দৃষ্টির গতিপথ বিশ্লেষণ করা হচ্ছে। এসব তথ্য ভবিষ্যতে সড়কের নকশা ও যান চলাচল ব্যবস্থার উন্নয়নে সহায়ক হতে পারে।
স্বচালিত গাড়ির নিরাপত্তা বাড়াতেও জিটিএর ব্যবহার বাড়ছে। দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা গেমের ভেতরে বিভিন্ন দুর্ঘটনা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির তথ্যভান্ডার তৈরি করেছেন। এসব তথ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে স্বচালিত গাড়ি আশপাশের বিপজ্জনক যানবাহন শনাক্ত করে নিরাপদে চলতে পারে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির গবেষকেরা স্বচালিত গাড়ির নৈতিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা পরীক্ষা করেছেন। জিটিএ ফাইভে তৈরি করা নয়টি জটিল পরিস্থিতিতে তাঁদের তৈরি অ্যালগরিদম পরীক্ষা করা হয়। গবেষকদের দাবি, এসব পরিস্থিতিতে সম্ভাব্য প্রাণহানির ঝুঁকি প্রায় ২৪ শতাংশ কমানোর সক্ষমতা দেখা গেছে।
তবে স্বচালিত গাড়ির নৈতিক সিদ্ধান্ত গ্রহণ নিয়ে গবেষণা এখনো বিতর্কের বাইরে নয়। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুধু দুর্ঘটনা এড়ানো নয়, বরং জটিল পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপযোগী করে তুলতে হবে।
সব মিলিয়ে, বিনোদনের জন্য তৈরি একটি ভিডিও গেম এখন সড়ক নিরাপত্তা ও ভবিষ্যতের পরিবহন প্রযুক্তি উন্নয়নের গবেষণায় গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠছে।