নিউজ প্রবাসী ডেস্ক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে ঢাকা মহানগরসহ ৩০ জেলার ৭৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) অধিদপ্তরের ৩৯টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজার, ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁয় এ তদারকি কার্যক্রম পরিচালনা করে। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানায়, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন ঠেকাতেও অভিযান চালানো হয়। এ ছাড়া হোটেল-রেস্তোরাঁয় প্রচলিত বিধিবিধান মানা হচ্ছে কি না, সেটিও পরীক্ষা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে পণ্য মজুত এবং সরবরাহে বাধা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দোকান ও প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।
ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে বিভিন্ন স্থানে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
ভোক্তা অধিদপ্তর ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি সঠিক ওজন নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। কেনাকাটার পর বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহ করতেও বলা হয়েছে।
পণ্য কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।
বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সরবরাহের স্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।