নিউজ প্রবাসী ডেস্ক ;
রাজধানীর বাইরে শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলো স্থাপন করা হয়েছে কুমিল্লা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও যন্ত্রপাতির অভাবে দীর্ঘদিন হাসপাতালগুলোর কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এবার সেগুলো চালু হলে বিভাগীয় পর্যায়ে শিশুদের জটিল ও গুরুতর রোগের চিকিৎসার সুযোগ বাড়বে। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার প্রবণতাও কমবে বলে আশা করা হচ্ছে।
পাঁচটি হাসপাতালের জন্য ইতোমধ্যে ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। এসব পদের মধ্যে রয়েছেন উপপরিচালক, সহকারী পরিচালক, সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট, আবাসিক চিকিৎসক, সার্জন, মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন ও অ্যানেসথেটিস্টসহ বিভিন্ন পর্যায়ের জনবল।
হাসপাতালগুলোর কার্যক্রম গতিশীল করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্প্রতি পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক নিয়োগ দিয়েছে। ২৪ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে রাজশাহীতে ডা. মো. বেলাল হোসেন, বরিশালে ডা. মো. মজিবর রহমান, রংপুরে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লায় ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনায় ডা. শওকত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে থাকবে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সুবিধা। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও সেবার পরিধি বাড়ানোর উপযোগী করেই নির্মাণ করা হয়েছে হাসপাতালগুলোর অবকাঠামো। প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
হাসপাতালগুলো চালুর উদ্যোগে গতি আসে গত ১০ মে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর। ওই বৈঠকে দেশের ছয় বিভাগে অব্যবহৃত অবস্থায় থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাসপাতালগুলো পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
এরপর গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানান, বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
হাসপাতালগুলোর জন্য নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, পোর্টেবল এক্স-রে, কার্ডিয়াক মনিটর ও ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতসংশ্লিষ্টদের প্রত্যাশা, হাসপাতালগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে বিভাগীয় পর্যায়ে শিশুস্বাস্থ্যের চিকিৎসায় নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে নবজাতক ও সংকটাপন্ন শিশুদের চিকিৎসায় এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।