নিউজ প্রবাসী ডেস্ক

যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি ও আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় ইয়েমেনে মানবিক বিপর্যয় আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ছয় মাসে বিশ্বের ১৬টি দেশে খাদ্যসংকট তীব্র হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থাগুলো। এসব দেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে খাদ্যসংকটের পেছনে প্রধানত দীর্ঘস্থায়ী সংঘাত, আঞ্চলিক উত্তেজনার প্রভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক ত্রাণ সহায়তা কমে যাওয়ার বিষয়গুলো কাজ করছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ শহর ঘিরে রাখায় সেখানে কার্যত অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘাতের কারণে এ পর্যন্ত তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের অধিকাংশই তাইজ, লাহিজ ও এডেন প্রদেশের বাসিন্দা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনের সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকাতেই প্রায় ১৮ লাখ মানুষ জরুরি পর্যায়ের খাদ্যসংকটে রয়েছেন। আগের হিসাবে এ সংখ্যা ছিল ১৬ লাখ।

অন্যদিকে, হুতি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সংঘাত ও নিরাপত্তাজনিত জটিলতায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে এসব এলাকার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত দেশব্যাপী পূর্বাভাসে দেখা যায়, ইয়েমেনের প্রায় ১ কোটি ৮৩ লাখ মানুষ তীব্র খাদ্যসংকট কিংবা তার চেয়েও ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। সংখ্যাটি দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

এদিকে, জাতিসংঘের ৭৩ জন কর্মীকে এখনো আটক করে রেখেছে হুতি কর্তৃপক্ষ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কর্মকর্তা।

বিশ্লেষকদের মতে, সংঘাতের অবসান, খাদ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং আন্তর্জাতিক সহায়তা বাড়ানো না গেলে ইয়েমেনের মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts