
নিউজ প্রবাসী ডেক্স :
অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি হয়েছিল, সে বিষয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার আগে বিএনপি ও জামায়াতের সম্মতি নেওয়া হয়েছিল। তার এমন বক্তব্যের পরই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন জামায়াত আমির।
শফিকুর রহমান বলেন, সংসদ না থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে তারা একাধিকবার দাবি জানিয়েছিলেন।
তবে তাদের সেই দাবি সরকার গুরুত্ব দেয়নি বলে তিনি অভিযোগ করেন। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বিষয়ে জামায়াতের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি।
জামায়াত আমির আরও বলেন, এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং এখানে বিভ্রান্তি বা ধোঁয়াশা তৈরি করার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, নির্বাচন হওয়ার তিন দিন আগে ৯ মার্চ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে বিদায়ী অন্তর্বর্তী সরকার। চুক্তিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলমান রয়েছে।