
নিউজ প্রবাসী ডেক্স :
ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের দুই গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও নতুন রেকর্ড গড়েছেন তিনি।
ম্যাচের শুরুতেই পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি মেসি। প্রথমার্ধে আরও কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে সমালোচনার মুখে পড়লেও ৩৮তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডকে ছাড়িয়ে যায়।
প্রথমার্ধে আক্রমণে আধিপত্য বিস্তার করলেও এক গোলের বেশি করতে পারেনি আর্জেন্টিনা। বিরতির পর অস্ট্রিয়া কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও আর্জেন্টাইন রক্ষণভাগের সামনে সুবিধা করতে পারেনি।
যোগ করা সময়ে আবারও জ্বলে ওঠেন মেসি। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। পাশাপাশি জাতীয় দলের জার্সিতে তার গোলসংখ্যা এখন ১২২। প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার করা পাঁচ গোলের সবকটিই এসেছে মেসির পা থেকে।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ফলে এক ম্যাচ হাতে রেখেই শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।