
নিউজ প্রবাসী ডেক্স :
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ সুলতান গাজী (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সুলতান গাজীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাল টেপে মোড়ানো ১২টি ককটেল উদ্ধার করা হয়।
আটক সুলতান গাজী নাউলী গ্রামের গাফফার গাজীর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি নিষিদ্ধ একটি চরমপন্থি সংগঠনের নেতা গোফরানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
র্যাব-৬ জানায়, অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার এটিএম ফজলে রাব্বী। উদ্ধার করা ককটেলগুলো একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে চরমপন্থি নেতা গোফরানের একটি বাহিনী সক্রিয় রয়েছে। সুলতান গাজী ওই বাহিনীর সদস্য হিসেবে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এদিকে তার আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে স্থানীয়রা মূল হোতা গোফরানসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, র্যাবের অভিযানে একজনকে আটক এবং ককটেল উদ্ধারের বিষয়টি তারা শুনেছেন। তবে রাত পর্যন্ত আটক ব্যক্তি ও আলামত থানায় হস্তান্তর করা হয়নি।