প্রেস বিজ্ঞপ্তি :

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধে অভিযুক্ত ও দণ্ডিত ব্যক্তিদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। দলটি অবিলম্বে এ শোক প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।
তার ভাষ্য অনুযায়ী, জাতীয় সংসদে এ ধরনের প্রস্তাব গ্রহণ শুধু ন্যাক্কারজনকই নয়, বরং তা মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার জন্য আত্মদানকারী ৩০ লাখ শহীদের স্মৃতির পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল। যেখানে দেশের সব জাতি-গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রত্যাশা ছিল।
কিন্তু জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকার যেভাবে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আপস করেছে বলে অভিযোগ করা হয়েছে, তা জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেন তিনি।
কমরেড ইকবাল কবির জাহিদ যুদ্ধাপরাধীদের নামে গৃহীত শোক প্রস্তাব অবিলম্বে বাতিল করার আহ্বান জানান।
একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে আগামী ১৫ মার্চ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts