নিউজ প্রবাসী ডেক্স :

সব ধর্মের মানুষের সম্প্রীতি ও অংশগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তন–এ ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও বৌদ্ধ ধর্মগুরুদের জন্য মাসিক সম্মানী প্রদানের পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থান ও সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘদিনের। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাজ করলে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির এবং ১৪৪টি বৌদ্ধ বিহারের মোট ১৬ হাজার ৯৯২ জন ধর্মীয় কর্মী মাসিক সম্মানী পাবেন। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে শুধু উপাসনার জায়গা নয়, বরং নৈতিক ও সামাজিক শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এর মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নাগরিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সভাপতিত্বে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন ধর্মীয় নেতা ও সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts