
নিউজ প্রবাসী ডেক্স :
দেশের সর্বোচ্চ আদালত মন্তব্য করেছে, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের দীর্ঘদিনের নিরপেক্ষ নির্বাচনের দাবির ফল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে, এ ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেনি; বরং সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদের পবিত্রতা ও জনগণের সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করেছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী নিয়ে করা আপিল ও রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ উঠে এসেছে। গত ১২ মার্চ সুপ্রিম কোর্ট এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ ২০২৫ সালের ২০ নভেম্বর সর্বসম্মতভাবে এই রায় দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
রায়ে বলা হয়েছে, ত্রয়োদশ সংশোধনী ছিল গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদক্ষেপ, যার মূল লক্ষ্য ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। আদালত মনে করে, নির্বাচনকালে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী প্রশাসন থাকলে সরকারি যন্ত্র ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার সুযোগ কমে যায় এবং ভোটারদের আস্থা বৃদ্ধি পায়।
আদালত আরও উল্লেখ করেছে, অতীতে দেওয়া রায়ে কিছু পদ্ধতিগত অসঙ্গতি ছিল। তাই আগের সিদ্ধান্ত বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার–সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত করা হয়েছে।
তবে আদালত স্পষ্ট করেছে, এই ব্যবস্থা ভবিষ্যতের জন্য কার্যকর হবে এবং চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তা প্রয়োগযোগ্য হবে।