নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকা সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট সংক্রান্ত দুইটি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট সংক্রান্ত অধ্যাদেশটি সংবিধানের ৯১ অনুচ্ছেদের আলোকে প্রণীত হয়েছিল। অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হওয়ায় সম্পূরক আর্থিক বিবৃতি উপস্থাপনের প্রয়োজন দেখা দেয়। তবে সংসদ না থাকায় নির্ধারিত সময়ে তা উপস্থাপন সম্ভব হয়নি।
একইভাবে ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট সংক্রান্ত অধ্যাদেশটিও সংবিধানের ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে উপস্থাপনের কথা থাকলেও সংসদ অনুপস্থিত থাকায় তা সম্ভব হয়নি।
পরবর্তীতে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে, যা এখন আইনে রূপ দেওয়ার জন্য মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
সরকারি সূত্র জানায়, রাষ্ট্রীয় ব্যয় ও আর্থিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts