
নিউজ প্রবাসী ডেক্স :
জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তারের বক্তব্যের কিছু অংশকে ‘অরুচিকর ও অশোভন’ উল্লেখ করে তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের পারস্পরিক সমালোচনার প্রসঙ্গ টানেন নীলফামারী-১ আসনের এই সংসদ সদস্য। বক্তব্যের এক পর্যায়ে তিনি একটি উপমা ব্যবহার করলে স্পিকার তাৎক্ষণিক আপত্তি জানান।
স্পিকার বলেন, সংসদের মর্যাদা রক্ষায় সদস্যদের বক্তব্যে শালীনতা বজায় রাখতে হবে। তিনি সংশ্লিষ্ট শব্দগুলোকে সংসদীয় রীতিনীতির পরিপন্থী উল্লেখ করে কার্যবিবরণী থেকে মুছে ফেলার নির্দেশ দেন।
বক্তব্যে আব্দুস সাত্তার প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিকের সমালোচনা করেন। তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব আহরণের চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলতে পারে। একই সঙ্গে বাজেট ঘাটতি মোকাবিলায় অতিরিক্ত ঋণনির্ভরতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
মাদ্রাসা শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে তিনি প্রতিটি উপজেলায় অন্তত একটি মাদ্রাসা সরকারি করার দাবি জানান। পাশাপাশি নীলফামারীর কৃষিপ্রধান এলাকায় সবজি ও ফল সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপনের প্রস্তাবও দেন।
ঘটনাটি সংসদে শালীন ভাষা ব্যবহারের গুরুত্ব এবং সংসদীয় কার্যপ্রণালির নিয়মকানুন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।