নিউজ প্রবাসী ডেক্স :

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত-এ চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আসন্ন ঈদুল ফিতর ঘিরে যখন আনন্দের প্রস্তুতি থাকার কথা, তখন সেখানে বিরাজ করছে অনিশ্চয়তা, আতঙ্ক ও আর্থিক সংকট।
মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান এর সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে কুয়েতের জনজীবনে। সাইরেন, ধোঁয়া আর নিরাপত্তা শঙ্কার মধ্যে দিন কাটছে মানুষের।
দেশটিতে অবস্থানরত প্রায় ৩ লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর অনেকেই এবার ঈদে দেশে ফিরতে পারছেন না। যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় হাজারো মানুষের স্বপ্ন ভেঙে গেছে।
কিশোরগঞ্জের প্রবাসী কামাল আহমেদের মতো অনেকেই বছরের পর বছর অপেক্ষার পরও প্রিয়জনের কাছে ফিরতে পারছেন না। সন্তানদের মুখ দেখার আকাঙ্ক্ষা নিয়েই তাকে থাকতে হচ্ছে বিদেশে।
একইভাবে আয় কমে যাওয়ায় পরিবারে টাকা পাঠাতেও হিমশিম খাচ্ছেন অনেক শ্রমিক। ব্রাহ্মণবাড়িয়ার শাহিন আহমেদ জানান, অতিরিক্ত কাজের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় ঈদের খরচ পাঠানোও সম্ভব হয়নি তার।
দীর্ঘদিন ধরে অবৈধ অবস্থানে থাকা মুন্সিগঞ্জের শাহাবুদ্দিনসহ অনেকেই পড়েছেন আরও কঠিন পরিস্থিতিতে। কাজ নেই, আয় নেই—তার ওপর দেশে ফেরারও সুযোগ নেই।
এদিকে ব্যক্তিগত শোকও বাড়িয়ে দিয়েছে এই দুর্ভোগ। সিলেটের এক প্রবাসী তার শিশুকন্যার মৃত্যু সংবাদ পেয়েও দেশে ফিরতে পারেননি, যা তার জীবনে এক গভীর বেদনার স্মৃতি হয়ে থাকবে।
প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা বলছেন, চলমান সংকটে কর্মসংস্থান কমে গেছে, অনেকেই চাকরি হারাচ্ছেন। এর ফলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তবে পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার কারণে এবারের ঈদ আয়োজন সীমিত রাখা হয়েছে এবং বিকল্প পথে আটকে পড়াদের দেশে ফেরানোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts