
নিউজ প্রবাসী ডেক্স :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত। হালকা বৃষ্টির মধ্যেও সেখানে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে এক অনন্য দৃশ্যের সৃষ্টি হয়।
শনিবার সকাল সাড়ে ৮টায় হাই কোর্ট সংলগ্ন এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে দায়িত্বে ছিলেন মাওলানা আবু ছালেহ পাটোয়ারী।
আয়োজক সংস্থা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। তবে মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে অনেকেই মাঠের বাইরে সড়কে নামাজ আদায় করেন।
সকাল থেকেই দূর-দূরান্ত থেকে নানা বয়সী মানুষ ঈদগাহে ছুটে আসেন। নতুন পোশাক, মাথায় টুপি, হাতে জায়নামাজ নিয়ে পরিবারসহ অনেককে অংশ নিতে দেখা যায়। শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
নিরাপত্তার স্বার্থে ঈদগাহ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রবেশপথে আর্চওয়ের মাধ্যমে মুসল্লিদের ঢোকানো হয় এবং আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত করা হয়।
মুসল্লিদের সুবিধার্থে অজুর ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা এবং নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে ময়দানে ত্রিপল ও কাপড় বিছিয়ে দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনায় রেখে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অতিরিক্ত জামাতের প্রস্তুতিও রাখা হয়।
এদিকে ইসলামিক ফাউন্ডেশন জানায়, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের দিন একাধিক জামাত অনুষ্ঠিত হয়, যাতে মুসল্লিরা সুবিধামতো সময় বেছে নিয়ে নামাজ আদায় করতে পারেন।