নিউজ প্রবাসী ডেক্স :

একাত্তরের ২৫ মার্চের কালরাত স্মরণে ঘোষিত প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি শেষ পর্যন্ত আর পালন করা হচ্ছে না। সকালে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হলেও রাতেই তা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, নির্ধারিত ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি আর অনুষ্ঠিত হবে না। তবে কেন এই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এর আগে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বুধবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে এক মিনিটের জন্য প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা এবং বিদেশি মিশনগুলো এ কর্মসূচির বাইরে থাকবে বলেও উল্লেখ করা হয়েছিল।
বাংলাদেশে কয়েক বছর ধরে ২৫ মার্চের ভয়াল রাত স্মরণে আলো নিভিয়ে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হয়ে আসছে। এ সময় মোমবাতি প্রজ্জ্বলনসহ নানা কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালায়, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটায়। ওই রাতের গণহত্যাকে স্মরণ করে দিনটি জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
সরকারি সিদ্ধান্ত পরিবর্তনের ফলে এবার আর ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি না হলেও, অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts