
নিউজ প্রবাসী ডেক্স :
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল ও কলঙ্কিত অধ্যায়—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে স্মরণ করিয়েছেন সেই নৃশংস গণহত্যার কথা।
গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘অপারেশন সার্চলাইট’ নামের পরিকল্পিত অভিযানে পাকিস্তানি দখলদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বিচারে গুলি চালিয়ে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়।
প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে সেই রাতের শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি আরও বলেন, ২৫ মার্চের এই হত্যাযজ্ঞ ছিল সুপরিকল্পিত, যার পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট এখনো গবেষণার বিষয়। তবে সেই রাতেই চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধের মধ্য দিয়ে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ, যা পরবর্তীতে নয় মাসের সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথ তৈরি করে।
বাণীতে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।