
নিউজ প্রবাসী ডেক্স :
দেশের জাতীয় শিক্ষাক্রমে বড় পরিবর্তন আনতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে।
এ তালিকায় রাখা হয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার—মোট সাতটি খেলা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, সারা দেশে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শহর ও গ্রামে খেলার মাঠ নির্ধারণ এবং তা কার্যকর করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ সংরক্ষণ এবং ছুটির দিন ও পাঠ শেষে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে বিদ্যালয়ভিত্তিক খেলাধুলার পরিবেশ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা, নেতৃত্বগুণ ও সামাজিক দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।