
নিউজ প্রবাসী ডেক্স :
আদালত প্রাঙ্গণে লেখক ও সাংবাদিক বেনজীন খান-কে অপদস্ত করার অভিযোগে দুই আইনজীবীকে শোকজ করেছে জেলা আইনজীবী সমিতি। অভিযুক্তরা হলেন অ্যাডভোকেট আব্দুল লতিফ খোকন ও তার ছেলে অ্যাডভোকেট মেহেদী ইমাম বাপ্পী।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যে তাদের লিখিত জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর জানান, গত ২৪ মার্চ সমিতিতে দেওয়া এক লিখিত অভিযোগে বেনজীন খান দাবি করেন, আদালত চত্বরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি এবং শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ২৫ মার্চ অভিযুক্তদের শোকজ নোটিশ দেওয়া হয়।
এদিকে, তপু নামে এক আইনজীবী পাল্টা অভিযোগও দাখিল করেছেন বলে জানা গেছে।
বার সমিতির নেতারা বলেন, আদালত প্রাঙ্গণে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর আগেও অসদাচরণের অভিযোগে অ্যাডভোকেট আব্দুল লতিফ খোকনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে তারা উল্লেখ করেন।
ঘটনার বিষয়ে আগামী রোববার সমিতির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, গত মঙ্গলবার একটি মামলায় হাজিরা দিতে আদালতে গেলে বারান্দায় এ ঘটনার সূত্রপাত হয় বলে অভিযোগ রয়েছে।