
নিউজ প্রবাসী ডেক্স :
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলতেও এখন ভয় তৈরি হয়েছে—এমন উদ্বেগ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী। তিনি বলেন, স্বাধীনতার এত বছর পর ‘জয় বাংলা’ বললেই যদি গ্রেপ্তারের শঙ্কা তৈরি হয়, তাহলে সেই বাংলাদেশ মুক্তিযোদ্ধারা কল্পনা করেননি।
bdnews24.com প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক সংকলন ‘রক্তরেখায় বাংলাদেশ’-এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
লুতফা হাসীন রোজী মনে করেন, বর্তমান প্রজন্ম প্রযুক্তিতে দক্ষ হলেও দেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে তাদের জ্ঞান সীমিত। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা থাকলেও ইতিহাস জানার ক্ষেত্রে আগ্রহ কম বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মানুষের ক্ষোভ থেকে আন্দোলন সৃষ্টি হলেও কিছু গোষ্ঠী সেটিকে নিজেদের আদর্শের বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তিনি আরও বলেন, “কেউ কেউ সাম্প্রতিক ঘটনাকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলছে। কিন্তু স্বাধীনতার প্রকৃত অর্থ ও ইতিহাস সম্পর্কে তাদের ধারণা নেই।” ইতিহাস কখনো ‘রিসেট’ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে এই মুক্তিযোদ্ধা বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা—এই তিন ধরনের শিক্ষা কাঠামো বৈষম্য সৃষ্টি করছে। শিক্ষার সুষম উন্নয়ন ছাড়া একটি শক্তিশালী জাতি গঠন সম্ভব নয় বলে মত দেন তিনি।
মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে তিনি জানান, ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকার ভয়াবহ পরিস্থিতির কথা আজও তার মনে ভাসে। সেই সময়ের অভিজ্ঞতা তাকে আজও নাড়া দেয়।
তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবে। এই লক্ষ্যেই ‘রক্তরেখায় বাংলাদেশ’ সংকলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।