নিউজ প্রবাসী ডেক্স :

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে শুরুতে গোল হজম করেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ডিআর কঙ্গো। ম্যাচের শেষ ভাগে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।
রোববার আটলান্টায় অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না কঙ্গোর সামনে। কিন্তু ম্যাচের ১০ মিনিটেই এলদোর শমুরোদভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। প্রথমার্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয় কঙ্গো।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ইয়োয়ান উইসা। এরপর ৭৮তম মিনিটে বদলি হিসেবে নামা ফিস্টন মায়েলির গোলে এগিয়ে যায় ডিআর কঙ্গো। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন উইসা।
এটি বিশ্বকাপে ডিআর কঙ্গোর প্রথম জয়। এর আগে ১৯৭৪ সালে জায়ার নামে বিশ্বকাপে অংশ নিলেও কোনো ম্যাচ জিততে পারেনি দেশটি। এবার তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
একই গ্রুপের অন্য ম্যাচে কলম্বিয়া ও পর্তুগাল গোলশূন্য ড্র করায় সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল। অন্যদিকে তিন ম্যাচেই হেরে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে নবাগত উজবেকিস্তানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts