নিউজ প্রবাসী ডেক্স :

যশোরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডায়মন্ড (হীরা) ও বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ডায়মন্ড ও নগদ অর্থের মোট মূল্য প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের একটি টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি সুজাউদ্দিন (৫২), ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকায় সংগ্রহ করা এসব ডায়মন্ড বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ডায়মন্ড যশোরের একটি বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে বাংলাদেশি টাকা, ভারতীয় রুপি, মার্কিন ডলার, থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়িও জব্দ করা হয়েছে।
সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ মালামাল ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts